‘সামনের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার’
ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান, সে বিষয়ে শনিবার মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা এ দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখছে। তরুণদের উদ্যোগেই ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার।
সম্মেলনে দেশ–বিদেশের কয়েকশ’ প্রতিনিধি অংশগ্রহণ করেন। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা বক্তব্য দেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি ৭৭টি সেশনে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিকসহ বিভিন্ন পেশার দেশী-বিদেশী আট শতাধিক ব্যক্তি রয়েছেন।
সম্মেলনে অংশ নেওয়া বিদেশিদের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড নিজের চোখে দেখার জন্য রাজধানীতে ঘুরে ঘুরে দেখার অনুরোধ করে প্রধান উপদেষ্টা বলেন,
ঠিক ১০০ দিন আগে এ শহরে যা ঘটে গেছে তা আপনার নিজ চোখে দেখে যান। জুলাই বিপ্লবের সময় তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষাকে প্রকাশ করে রঙিন চিত্রে আঁকা রাস্তার দেয়ালগুলো দেখুন। দেখতে পারবেন কীভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। একইসঙ্গে তরুণ প্রজন্ম কী চায়, তাদের অভিব্যক্তি দেখে যে কেউ অবাক না হয়ে পারবেন না। এ ঐতিহাসিক সুযোগ হাতছাড়া না করার জন্য অনুরোধ করছি।
ড. ইউনূস বলেন, এ বিপ্লবের কোনো ডিজাইনার ছিল না, কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কোনো সংস্থা এটিকে অর্থায়ন করেনি। তরুণরা তাদের নিজের শক্তিতে করেছে।
‘বর্তমান সভ্যতা আমাদের ব্যর্থতার মুখে ফেলেছে’ মন্তব্য করে ড. ইউনূস বলেন, ‘যা শুধু পরিবেশের ক্ষতিই করেনি, মুনাফার পেছনে মানুষের অন্ধ দৌড়ও এর জন্য দায়ী। আসুন, আমরা একটি নতুন সভ্যতা তৈরি করি থ্রি জিরো মডেলের ভিত্তিতে, যেখানে সম্পদ কুক্ষিগত থাকবে না এবং সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে পার করছি, যেখানে চ্যালেঞ্জ আর জটিলতা আমাদের প্রতিটি দিক থেকে ঘিরে ধরেছে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি—সবই আমাদের সামনে একেকটি বড় বাধা। তবুও বাংলাদেশ বারবার দেখিয়েছে কীভাবে প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে হয়।’
জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরো বলেছেন, দেশের যেকোনও ক্রান্তিলগ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব অন্যায়, অবিচার মোকাবিলা করা যায়। শুধু তাই নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করলে বদলে দেওয়া যায় ইতিহাসের গতিপথ। যেটা আমরা জুলাই-আগস্টে দেখিয়েছি। আগামী দিনেও সবাইকে দেশ-জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সম্মেলনের মাধ্যমে কীভাবে একটি নতুন বিশ্ব গড়তে সেই বিষয়ে বিতর্ক এবং চিন্তা-ভাবনা শেয়ার করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাই।







